সুন্দরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৫:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল 'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'। দিবসটি উপলক্ষে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির আওতাধীন সমিতির সদস্য, উপকারভোগী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি আবু সাঈফ ইফতেখার হোসেন পপেল, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা আমার বাংলাদেশ (এবি) পার্টির আহ্বায়ক মো. তাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাহজাহান, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক এ. মান্নান আকন্দ এবং বিআরডিবির একজন সুফলভোগী নাজমা বেগম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তিনি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বিআরডিবির বিভিন্ন কার্যক্রম এবং মানুষের জীবনমান উন্নয়নে এসব উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একইসঙ্গে কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল উদ্যোক্তাদের সম্মাননা জানানো হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে জনগণকে আরও সম্পৃক্ত করতেই জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।
