সরাইলের দুই গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৬:১১ | অনলাইন সংস্করণ

  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ থামছে না। নিহতের ঘটনাকে কেন্দ্র করে ধর্মতীর্থ ও সূর্যকান্দি গ্রামের লোকজনের মধ্যে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। 

মঙ্গলবার সকাল থেকে কালীকচ্ছ বাজার ও আশপাশের এলাকায় দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যকান্দি গ্রামের মোশাররফ হোসেন ও ধর্মতীর্থ গ্রামের হাদিম মিয়ার মধ্যে অর্থ লেনদেন নিয়ে বিরোধের জেরে রোববার সন্ধ্যায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই গ্রামের লোকজন কালীকচ্ছ বাজার এলাকায় লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বল্লমের আঘাতে ধর্মতীর্থ গ্রামের হাদিম মিয়া (৫৫) নিহত হন।

হাদিম মিয়ার মৃত্যুর পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। অভিযোগ রয়েছে, দাফনের পর ধর্মতীর্থ গ্রামের শত শত মানুষ কালীকচ্ছ বাজারে হামলা চালিয়ে বিভিন্ন দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করেন। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্মতীর্থ গ্রামের লোকজনের সঙ্গে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ যোগ দিলে বাজারের ব্যবসায়ী ও সূর্যকান্দি গ্রামের লোকজন তাঁদের প্রতিহত করার চেষ্টা করেন। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে কালীকচ্ছ বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। তবে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলতে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবাইদুর রহমান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমার বার্তা/মো. রিমন খান/এমই