রাঙামাটিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৫:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাঙামাটিতে বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড়ধস, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। দুর্যোগকালীন সময়ে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে রাঙামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

‎সভায় জানানো হয়, পার্বত্য এলাকায় টানা ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই ঝুঁকি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে বসবাসরত মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য ইতোমধ্যে মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে প্রশাসন। দুর্যোগকালীন সময়ে আশ্রয়ের জন্য রাঙামাটি পৌরসভার ওয়ার্ডে ১১টি আশ্রয়কেন্দ্রসহ জেলাজুড়ে মোট ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও সভায় জানানো হয়।

‎সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা ও উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সচেতন করা এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

‎সভায় সম্ভাব্য দুর্যোগ-পরবর্তী উদ্ধার তৎপরতা জোরদার করা, পর্যাপ্ত ত্রাণ ও শুকনো খাবার মজুত রাখা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল রাখার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

‎সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দারসহ বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।


আমার বার্তা/এমই