পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ কয়লাসহ আটক ৩

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৭:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত বিপুল পরিমাণ কয়লাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট এলাকায় এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় কয়লা পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩ টন চোরাই কয়লা এবং বোটসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– নূর বক্স (৫৮), মো. বেলাল (১৯) এবং মো. জাহিম (১৮)। তারা সবাই চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বাহিনীটি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানিয়েছেন, কয়লাগুলো চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত কয়লা, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উপকূলীয় এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


আমার বার্তা/এমই