গজারিয়ার বাউশিয়ায় খাল খনন প্রকল্প পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১৭:৫৮ | অনলাইন সংস্করণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শিল্পবান্ধব বাউশিয়া ইউনিয়নের কাজলা নদী খনন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
রবিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্য বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় তিনি কাজলা নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমপি কামরুজ্জামান রতন জানান, অল্প সময়ের মধ্যেই মাননীয় কৃষিমন্ত্রী এলাকাটি পরিদর্শনে আসবেন। তিনি বলেন, “বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করে দ্রুত সময়ের মধ্যে খাল খনন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, খাল খনন প্রকল্পের গুরুত্ব ও বাস্তবতা যাচাইয়ের জন্যই এ পরিদর্শন করা হয়েছে। বর্তমান সরকার খাল পুনঃখননের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় এলাকায় গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিবেশগত আইন মেনে এবং স্থানীয় মানুষের অধিকার ক্ষুণ্ন না করে শিল্প কার্যক্রম পরিচালনা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, মুন্সীগঞ্জ জেলা জাসাস সভাপতি আলহাজ্ব হাসান জাহাঙ্গীর, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মান্নান মিয়াজীসহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই
