মায়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সিমেন্ট-খাদ্যপণ্যসহ ১৯ জন আটক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যসহ ১৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ২টায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু ও ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এর্নাজি ড্রিংক্স এবং পাচার কাজে ব্যবহৃত ২টি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আমার বার্তা/এমই