৪ খণ্ডে মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ইতিহাস কালের দর্পণ। যুগান্তরের কষ্টিপাথর। ইতিহাসের পাতায় ভেসে ওঠে কালান্তরের উপাখ্যান।কালের আবর্তন-বিবর্তনের পথ ধরে যুগের দুর্যোগ কিংবা উত্থান-পতনের আবহে মানব জীবনধারার যে ক্রমবিকাশ পৃথিবীতে গড়ে ওঠে, এর ন্যায়নিষ্ঠ বিবরণের নামই হলো ইতিহাস। ইতিহাস কথা বলে অতীত নিয়ে, বোঝাপড়া করে বর্তমানের সাথে এবং সমাধান দেয় ভবিষ্যতের। কালের অমোঘ সত্য-মিথ্যার স্বরূপ তুলে ধরাই ইতিহাসের অনিবার্য দায়িত্ব।
পৃথিবীর ইতিহাসে সবথেকে সমৃদ্ধ ও উন্নত ইতিহাসের নাম হলো মুসলিম জাতির ইতিহাস। মুসলিম জাতির ইতিহাস নিয়ে ইসলামের সূচনা যুগ থেকে বর্তমান পর্যন্ত শতসহস্র কিতাব রচিত হয়েছে। হাজার হাজার ভলিয়মে সেগুলো সংকলিত হয়ে বিশ্বের বিভিন্ন গ্রন্থাগারে সংরক্ষিত হয়ে আছে।
এরই ধারাবাহিকতায় ইতিহাসের কিংবদন্তি গবেষক আলেম মাওলানা ইসমাইল রেহান দীর্ঘ বারো বছরের নিরবচ্ছিন্ন সাধনা ও অনুসন্ধানের মধ্য দিয়ে রচনা করেছেন সর্বমহলে ব্যাপকভাবে সমাদৃত বিখ্যাত গ্রন্থ ‘তারিখে উম্মাতে মুসলিমা’। গ্রন্থটি কলেবরে দীর্ঘ হওয়ায় সর্বশ্রেণির পাঠকের জন্য এর থেকে উপকৃত হওয়া অনেকটাই দুষ্কর হয়ে পড়ে। বিজ্ঞ লেখক এসব দিক লক্ষ করে যুগের চাহিদা সামনে রেখে বিজ্ঞজনদের পরামর্শে নিজেই বিশাল কলেবরের এই গ্রন্থটির সংক্ষিপ্ত ভার্সন তৈরি করেন এবং এর নাম দেন ‘আয়নায়ে তারিখে উম্মত’।
গ্রন্থটিতে তিনি মুসলিম জাতির হাজার বছরের ইতিহাসকে সংক্ষিপ্ত আকারে সুবিন্যস্তরূপে দলিলসমৃদ্ধ করে তুলে ধরেছেন। গ্রন্থটিতে উঠে এসেছে উম্মাহর সোনালী যুগের আলোছায়াময় উপাখ্যান, বিজয় ও পরাজয়ের সত্যনিষ্ঠ অনুপম কাহিনি, ত্যাগ, আত্মনিবেদন ও শিক্ষার দীপ্ত অধ্যায়গুলো। এই সংক্ষিপ্ত ভার্সনে তিনি ইসলামি সভ্যতার আদিপর্ব থেকে আধুনিক সময় পর্যন্ত ইতিহাসের নির্ভুল, বিশুদ্ধ ও প্রমাণনির্ভর ধারাবর্ণনা তুলে ধরেছেন। গ্রন্থটির গুরুত্ব বোঝাতে এক কথায় বলা যায়, বিজ্ঞ লেখক ইতিহাসের সমুদ্রকে কূপে পরিণত করে আমাদের সামনে তুলে ধরেছেন!
এই অনন্য গ্রন্থেরই পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ ‘মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস’। আমরা বিশ্বাস করি গ্রন্থটি পাঠককে ইসলামের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়সমূহের মধ্য দিয়ে নিয়ে যাবে এক আত্মদর্শনের অভিযাত্রায়। নবি-রাসুলদের যুগ থেকে শুরু করে খিলাফতের বিস্তার, উম্মাহর উত্থান-পতন, সভ্যতা-সংস্কৃতি ও রাজনীতির বিবর্তন, বিজ্ঞান ও জ্ঞানের জাগরণ— এসবকিছুই গ্রন্থটিতে উল্লিখিত হয়েছে প্রাণবন্ত বর্ণনায় ও দালিলিক রূপে।
এক নজরে বইটির বিশেষত্ব ও অনন্য কিছু বৈশিষ্ট্য :
• গ্রন্থটি গবেষণাধর্মী হওয়ার পাশাপাশি সহজবোধ্য ও সাবলীল ভাষায় উপস্থাপন হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠক নির্বিশেষে সকলের জন্য সমানভাবে উপযোগী।
• গ্রন্থটিতে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বিশুদ্ধ বর্ণনার আলোকে নবিগণের জীবনচিত্র, সিরাতুন নবি, খিলাফতে রাশেদা, উমাইয়া ও আব্বাসি খিলাফত, ক্রুসেড যুদ্ধ, স্পেনে মুসলিম শাসন, উসামানি খিলাফত, দক্ষিণ এশিয়া ও ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে।
• ইতিহাসের ক্রমধারা বজায় রেখে সন ও তারিখ নিখুঁতভাবে উল্লেখ করে গুরুত্বপূর্ণ ঘটনাবলির প্রেক্ষাপট ও পটভূমি বর্ণনা করার পাশাপাশি ইতিহাসের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ভারসম্যপূর্ণ আলোচনা ও নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
• ইসলামি ইতিহাসে বিভিন্ন মতবাদের ভিত্তিতে গড়ে ওঠা রাজনৈতিক শক্তি, দল-মত ও এদের ভ্রান্ত বিশ্বাস ও আদর্শিক অবস্থান সম্পর্কে অত্যন্ত নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
• তথ্যবহুল মনোমুগ্ধকর রঙিন মানচিত্র ও ছক যুক্ত করা হয়েছে। ইতিহাসের প্রাচীন অঞ্চলগুলোর আধুনিক নাম উল্লেখ করার পাশাপাশি সঠিক নাম যাচাইয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
• গ্রন্থটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে অতীতের ইতিহাসকে বর্তমানের আয়নায় তুলে ধরে নতুন প্রজন্মের জন্য ভবিষ্যতের পথ ও পাথেয় নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞ লেখক ইতিহাসের ঘটনাগুলো নিছক বর্ণনা না করে এগুলো থেকে শিক্ষনীয় উপাদান ও সঠিক দিকনির্দেশনা তুলে ধরে জাতিকে সতর্ক করেছেন।
